মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিজয় দিবসের অনুষ্ঠানগুলো নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সাধারণ মানুষের যাতায়াত ও শ্রদ্ধা নিবেদনের সময় কঠোর নিরাপত্তাবলয় নিশ্চিত করা হবে। এ এলাকার প্রবেশপথসহ পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যাতে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা সম্ভব হয়।
বিজয় দিবসের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের দেহ তল্লাশিসহ যানবাহনের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাতায়াত ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের চারপাশের ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, জরুরি সেবা নিশ্চিত করতে স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে অগ্নিনির্বাপণী গাড়ি ও প্রয়োজনীয় জনবল মোতায়েন থাকবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






