জাপানের টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি খাত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামোগত বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসির একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের প্রস্তাব দেন।
প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিনের বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, জাপানি এই সংস্থাটির অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
বিনিয়োগের প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং বিভিন্ন বিধিবিধান সহজীকরণের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।






