শারীরিক প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জাদুঘর দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার সকাল থেকে এই সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাদুঘরে প্রবেশের পর থেকেই দর্শনার্থীরা এই সুবিধা নিতে পারবেন। পরিবারের সদস্য বা স্বজনদের পাশাপাশি জাদুঘর ঘোরার ক্ষেত্রে কোনো দর্শনার্থী একা আসলে তাকে সার্বিক সহায়তা করার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। এছাড়া, পুরো জাদুঘরের প্রদর্শনী কক্ষ ও অবকাঠামো হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য নির্বিঘ্ন ও বাধাহীন করা হয়েছে।
এই উদ্যোগ সম্পর্কে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর দেশের প্রতিটি নাগরিকের স্মৃতি ও অনুভূতির প্রতীক। শারীরিক সীমাবদ্ধতা যেন কারও জন্য ইতিহাস জানার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেটি নিশ্চিত করতেই এই বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে।






