তরুণ প্রজন্মকে ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা দিতে নতুন উদ্যোগ নিয়েছে বৈশাখী টিভি। ‘ক্যারিয়ার ক্লাসরুম’ শিরোনামের এই পডকাস্টে তুলে ধরা হবে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান পরিকল্পনা এবং করপোরেট জগতের বাস্তব সব অভিজ্ঞতার গল্প। ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবী সামিউল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রভাষক এম. আমিনুর রহমান। আজ ১০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় বৈশাখী টিভিতে পর্বটি সম্প্রচার করা হবে।
সামিউল কবির বর্তমান মেঘনা ব্যাংক পিএলসির রিটেইল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় দুই দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ব্যাংকটির খুচরা ব্যাংকিং ব্যবসার পাশাপাশি ডিজিটাল রূপান্তর, পণ্য উদ্ভাবন, নিও ব্যাংকিং, কৌশলগত পরিকল্পনা এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক এবং পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে নির্বাহী এমবিএ সম্পন্ন করেছেন। কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এআইইউবিতে চ্যান্সেলর পুরস্কারও অর্জন করেছিলেন।
নতুন এই পডকাস্টটির মূল উদ্দেশ্য হলো তরুণদের পেশাগত উন্নয়নের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা। এই ধারাবাহিক আয়োজনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্বরা অতিথি হিসেবে থাকবেন। তারা তাদের ক্যারিয়ারের অভিজ্ঞতা, সাফল্যের পেছনে থাকা সংগ্রামের গল্প এবং ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করবেন। এছাড়া কর্মজীবনে সফল হতে কোন ধরনের মানসিকতা প্রয়োজন এবং কোন দক্ষতাগুলো সময়ের সাথে অর্জন করা জরুরি, তা নিয়েও পডকাস্টটিতে বিস্তর আলোচনা থাকবে।
বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ ও বৈশাখী ইয়ুথ-এর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ক্যারিয়ার ক্লাসরুম’। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির কনসালট্যান্ট মো. সামিউল আলম তামিম এবং মো. মোফরাতুল ইসলাম সাজ্জাদ। শুধু চাকরি খোঁজার কৌশল নয়, বরং নিজেকে যোগ্য করে তোলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে এই নতুন আয়োজনটি।

