নিউইয়র্কে অনুষ্ঠিত কাতার অর্থনৈতিক ফোরামের বিশেষ আসরে কাতারের ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল ও বেসরকারি খাতের বিকাশে নতুন রূপরেখা তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ফোরামে তিনি কাতারের জন্য ৬০ বিলিয়ন ডলারের এক সুবিশাল অভ্যন্তরীণ বিনিয়োগ পাইপলাইন এবং নতুন একটি আর্থিক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছেন।
দেশের অবকাঠামো ও আবাসন খাতে আগামী পাঁচ বছরে ৩৮.৫ বিলিয়ন ডলারের নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে কাতার। এসব প্রকল্প মূলত সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) ভিত্তিতে দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি রিয়েল এস্টেট ও আতিথেয়তা খাতে আরও ২২.৫ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ টানার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিনিয়োগ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ে সুমসাইমা বিচ (Smeasma Beach) উন্নয়ন প্রকল্প।
অর্থনৈতিক এ সম্প্রসারণ কার্যক্রমকে গতিশীল করতে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (QIA)-এর পোর্টফোলিও তত্ত্বাবধানের জন্য ‘দোহা ইনভেস্টমেন্ট’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো, স্থানীয় পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজারে কাতারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতাকে এক ধরনের ‘ভূমিকম্প’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈশ্বিক নিরাপত্তা সংকটের ধাক্কা কাটিয়ে উঠতে কাতারের শক্তিশালী ভিত্তি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া কৌশল সফলভাবে কাজ করেছে। সামুদ্রিক রুট ও সাপ্লাই চেইনে বিঘ্ন সৃষ্টি হলেও বিকল্প শিপিং রুট চালুর মাধ্যমে স্থানীয় বাজারের সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা হয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে সংকট মোকাবিলা করে কাতার তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী নর্থ ফিল্ড সম্প্রসারণের কাজও অব্যাহত রেখেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে অবস্থান আরও মজবুত করবে।






