উন্নয়ন ও পরিচালন—উভয় খাত মিলিয়ে সরকারের সার্বিক ব্যয় বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ব্যয় বৃদ্ধির কয়েকটি নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বিগত কয়েক বছরের লাগামহীন মূল্যস্ফীতির কারণে দেশে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। এ বাস্তবতায় সামাজিক নিরাপত্তা খাতে সরকারি বরাদ্দ বাড়ানো জরুরি হয়ে পড়েছিল। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার ফলে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে, যা দেশের প্রতিটি খাতে প্রভাব ফেলেছে। এ ছাড়া পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ পরিশোধে পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।
অর্থনীতি সামলে ওঠার এ সময়ে সরাসরি করের হার না বাড়িয়ে বিকল্প কৌশলে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নতুন বেতনকাঠামো, নতুন প্রকল্প ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে রাজস্ব আদায়ে জোর দেওয়া হচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম সাড়ে চার মাসে (মধ্য ফেব্রুয়ারি থেকে জুন) গৃহীত পদক্ষেপের ফলে ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের আমলের আগের অর্থবছরে ছিল মাত্র ২ শতাংশ।
বিদ্যমান সব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিতে গতিশীলতা ফেরানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে।






