গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পুলিশ সূত্র জানায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে অবস্থিত একটি প্রতিষ্ঠানে চাকরির ভাইভা দিতে এসেছিলেন তানিয়া আক্তার তাপসী। ওই সময় সেখানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে চিনে ফেলেন। পরবর্তীতে ছাত্রদলের অন্য নেতারা এক হয়ে তাকে আটক করেন এবং টঙ্গী পশ্চিম থানা-পুলিশের হাতে তুলে দেন।
আটক তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেরও অন্যতম দাবিদার ছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে হকিস্টিক হাতে নিজের একটি ছবি পোস্ট করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, চাকরির ভাইভা দিতে এসে ছাত্রদল নেতাদের মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ হন ছাত্রলীগের এই সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে কোথায় কী মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।






