পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রমটি শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। এই পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত কারিগরি সক্ষমতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর কেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রূপপুর প্রকল্পের অধীনে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণাধীন রয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে এর মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের এই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও গ্রিড সংযোগের মাধ্যমে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহারের লক্ষ্যটি এখন বাস্তবতার আরও কাছাকাছি পৌঁছেছে।






