তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১) বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে গভীর মতবিরোধ দেখা দেওয়ায় এবারের সম্মেলন কার্যত ভেস্তে গেছে। দুই সপ্তাহের নির্ধারিত সময় পেরিয়ে রোববার পর্যন্ত আলোচনা চললেও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম এই জলবায়ু সম্মেলনটি ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্মেলনে মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। সৌদি আরব, রাশিয়া ও ভারতের মতো দেশগুলো খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার ঘোর বিরোধিতা করে। বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো দাবি জানায় যে, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো জলবায়ু চুক্তি মেনে নেওয়া সম্ভব নয়। এর আগে সোমবারের খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছয়বার ছিল, কিন্তু চূড়ান্ত নথিতে তা বাদ দেওয়া হয়। শুধু ২০২৩ সালের কপ২৮-এর একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয় সেখানে।
এ ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস। এটি ছিল মহাসচিব হিসেবে তার শেষ কপ সম্মেলন। গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাবশালী গোষ্ঠীগুলো এখন বড় তামাক কোম্পানিগুলোর মতো কৌশল অবলম্বন করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করে নীতিনির্ধারণে বাধা দিচ্ছে এবং মুনাফার জন্য সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। তার মতে, জীবাশ্ম জ্বালানির স্পষ্ট উল্লেখ না থাকা এই চুক্তি কোনোভাবেই গ্রহণীয় নয়।
সম্মেলনে অচলাবস্থার কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন অর্থায়নের বিষয়টিও গুরুত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যান। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি নিয়ে টানাটানির ফলে দরিদ্র দেশগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তার দাবিগুলো আড়ালে পড়ে গেছে।
সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব অবশ্য তাদের অবস্থানের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে আরব দেশগুলোর ঐতিহাসিক অবদান অত্যন্ত নগণ্য। তবুও দেশগুলো জলবায়ু ইস্যুতে কাজ করতে আগ্রহী। আয়ারল্যান্ডের মন্ত্রী এবং ইইউ প্রতিনিধি ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করে জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির বিষয়টিকে এড়িয়ে গিয়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা সম্ভব নয়।
উল্লেখ্য যে, কপ সম্মেলনের ইতিহাসে এ ধরনের রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার ঘটনা সর্বশেষ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ঘটেছিল। তুরস্কের এবারের ব্যর্থতা জলবায়ু কূটনীতিতে এক বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।






