নেত্রকোণার মদন পৌরসভা এলাকায় মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। গোপণ সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও চার-পাঁচজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
আটক চারজনের মধ্যে রয়েছেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তার বাড়ি মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামে, বর্তমানে তিনি মদন বাজার এলাকায় বসবাস করেন। এছাড়া আটক অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক (২৪)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক সেবনের সময় তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় তারা ইয়াবা ও গাঁজা সেবন করছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে পৌর ছাত্রদল সম্পাদকের আটকের বিষয়টি জেলা ছাত্রদল সভাপতিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সত্যতা সাপেক্ষে জেলা ছাত্রদল কমিটি সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।




