আর্জেন্টিনার লিগা প্রফেশনাল ডি ফুটবলে রোসারিও সেন্ট্রাল তাদের ঘরের মাঠ গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে দাঁড়াতেই দেয়নি। আলবিসেলেস্তে তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার অসাধারণ নৈপুণ্যে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে দলটি। রোসারিও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে এবং ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যায় প্রথমার্ধের শেষদিকে। সফরকারী দলের খেলোয়াড় অ্যালেক্স আর্সে গ্যাস্টন আভিলার ওপর কঠোর ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। এতে মেনডোজার ‘লেপ্রা’ দলটি ১০ জনের দলে পরিণত হয়, যা স্বাগতিকদের জন্য বড় সুবিধা বয়ে আনে। একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা অতিথিদের দুর্বলতার পূর্ণ সুযোগ নেয় ‘কেনালিয়া’ খ্যাত রোসারিও সেন্ট্রাল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৫৭ মিনিটে ডি মারিয়া নিজের দ্বিতীয় ও দলের হয়ে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সফরকারীদের রক্ষণভাগ ভেঙে জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি এবং মার্কো রুবেন গোল করলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে জোন ‘বি’-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রোসারিও সেন্ট্রাল এবং সামগ্রিক পয়েন্ট তালিকায় তারা চার নম্বরে জায়গা করে নিয়েছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬ জয় ও ৪ ড্রয়ের বিপরীতে রোসারিও সেন্ট্রালের হার মাত্র ২টি। গত বছরের চ্যাম্পিয়নশিপের ছন্দ বজায় রেখে এবারও কোপা লিবার্তোরেসে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। তাদের এই জয় দর্শকদের জন্য ছিল দেখার মতো এক অভিজ্ঞতা, যেখানে ডি মারিয়ার ম্যাজিক ছিল পুরো ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ের বিপরীতে তাদের হার মাত্র ২টি। প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সমানে সমান।





