দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে এর মধ্যে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন তিনি। মাঠে ফেরার লক্ষ্য নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণ ক্রিকেটার। তবে সম্প্রতি অনুশীলনের সময় আবারও ব্যথা অনুভব করছেন তিনি। তার শারীরিক অবস্থার মূল্যায়নে স্ক্যান করানো হলেও তাতে বড় কোনো ত্রুটি ধরা পড়েনি। এরপরও অস্বস্তি কাটেনি তার।
সর্বশেষ বৃহস্পতিবার মিরপুরে বোলিং অনুশীলনের সময় আবারও ব্যথা অনুভব করেন নাহিদ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ তার স্ক্যান রিপোর্ট পুনরায় পর্যালোচনা করবে। চোটের সমস্যা দ্রুত সমাধান না হলে তাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা কাতারের মতো উন্নত দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। এর আগে কদিন আগেই অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়েছিলেন নাহিদ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাহিদ রানাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। খোদ ক্রিকেটার নিজেও পুরোপুরি সুস্থ হওয়ার পরই মাঠে ফিরতে আগ্রহী। সব মিলিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সামনে দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তাকে নিয়ে বোর্ড বাড়তি সতর্কতা অবলম্বন করছে।





