কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৫২ জনকে আটক করেছে পুলিশ ও ডিবি। এই সংখ্যা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছয় দফার অভিযানে মোট আটককৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ জন। নগরী ও উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চলছে তল্লাশি ও আটকের কার্যক্রম।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এর আগের পাঁচ দফায় যথাক্রমে ৬২৪, ২৫৪, ৪১৫, ৩৭৯ এবং ৩৬৩ জনকে আটক করা হয়েছিল। প্রথম পাঁচ দফায় আটক মোট ২ হাজার ৩৫ জনের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৬২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে সর্বশেষ অভিযানে আটক ২৫২ জনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর কিশোর অপরাধ নিয়ে জেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। এরপর থেকেই পুরো জেলায় অপরাধপ্রবণ এলাকা এবং কিশোরদের আড্ডাস্থলগুলোতে পুলিশি তৎপরতা ও তল্লাশি জোরদার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





