রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে ফের ভবন ধসের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনের সামনের অংশ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। অনেকেই ধ্বংসস্তূপের নিচে পাথর ও কংক্রিটের বড় খণ্ড সরিয়ে আটকে থাকাদের উদ্ধারের চেষ্টা করছেন। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের মাঝে বহু মানুষ দাঁড়িয়ে খালি হাতে পাথরের বড় বড় খণ্ড সরানোর চেষ্টা করছেন। ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। দমকল বিভাগ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও জানা যায়নি।
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা জানিয়েছেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কতজন মানুষ এখনো ভেতরে আটকা পড়ে আছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। ভবনটি কেন এবং কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারী দলগুলোর দ্রুত চলাচল নিশ্চিত করতে দিল্লি ট্রাফিক পুলিশ সমাজমাধ্যমে জরুরি বার্তা দিয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধ্বংস্তূপের সামনে লোকজন জড়ো হয়েছেন। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তা ফাঁকা করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর দিল্লির সত্য নিকেতনেও একই ধরণের দুর্ঘটনার শিকার হয়েছিল একটি পাঁচতলা হোস্টেল। সে সময় ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, যার মধ্যে সাতজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন। সত্য নিকেতনের ওই ভবনে মূলত ছাত্ররা পেয়িং গেস্ট হিসেবে বসবাস করতেন। সীমাপুরীর আজকের ঘটনাটি শহরের জরাজীর্ণ ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ফের উদ্বেগ তৈরি করেছে।




