সরকারি দপ্তরের অব্যবহৃত ছাদগুলোকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় পদক্ষেপ নিল সরকার। এরই অংশ হিসেবে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই কার্যক্রম শুরু হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে, তিন উপজেলা মিলিয়ে প্রায় ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে এই প্রকল্পের আওতায়। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে প্রথমে সরকারি ভবনগুলোর নিজস্ব চাহিদা পূরণ করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন।
প্রকল্পের বিস্তারিত তথ্যানুসারে, ফুলগাজীর আটটি সরকারি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট, ছাগলনাইয়ার ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরামের ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যুক্ত হয়েছে। এর মধ্যে ফুলগাজীর ছয়টি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে ২৫ কিলোওয়াট ও উপজেলা পরিষদ ভবনে ১০৩ কিলোওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
উদ্বোধনকালে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও রেহানা আক্তার রানুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী সফরকালে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দুপুরে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়। এছাড়াও বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। এর আগে তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।





