নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন’ দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার পর অবশেষে সরকারি স্বীকৃতি পেল। জন্মগতভাবে দুই হাত না থাকা সত্ত্বেও আলতাব হোসেন নিজ বাড়িতেই ২০০৭ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতিপত্র ও শিক্ষা উপকরণ আলতাব হোসেনের হাতে তুলে দেন। ২০০৭ সালে প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পর স্কুলের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন আলতাব হোসেন দু:খু মিয়া। তিনি বলেন, জন্ম থেকে আমার দুটি হাত না থাকলেও আমি দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জণ করে যখন কোন প্রকার চাকরি পাচ্ছিলাম না তখন নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করি ‘প্রতিভা দু:খু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলতাব হোসেন জানান, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করলেও তিনি চাকরি পাননি। সেই হতাশা থেকে নিজের বাড়িতেই গড়ে তোলেন স্কুলটি, যেখানে বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকারি সহায়তা ছাড়াই এতকাল ধরে বিদ্যালয়টি পরিচালনা করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। স্বীকৃতির আশায় অনেক দপ্তরে ঘুরে ব্যর্থ হলেও গণমাধ্যমের সহায়তায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এখন স্কুলের জন্য বেঞ্চ ও প্রয়োজনীয় উপকরণ পাওয়া গেল। এই বিদ্যালয়টি স্বীকৃতির জন্য বিভিন্ন অফিসে ঘুরেছি অনেকবার কিন্তু কোনো কাজ হয়নি। এবার গণমাধ্যমের সহায়তায় জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হওয়ায় স্বীকৃতি মিলেছে পাশাপাশি স্কুলের জন্য কিছু বেঞ্চও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রতিভা দুঃখু মিয়া প্রমাণ করেছেন যে ইচ্ছা শক্তির কাছে শারীরিক বাধা নগণ্য। তার এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য বড় দৃষ্টান্ত। একই অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, আলতাব হোসেনের এই সাফল্য নরসিংদীবাসীর জন্য গর্বের। জেলা প্রশাসন কেবল এই স্কুলের স্বীকৃতি ও সরঞ্জামই দেয়নি, বরং জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মানুষ যে ইচ্ছ করলে সবকিছুই পারে তার প্রমান।
অনুষ্ঠানটিতে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক মো. শফি উল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার উপজেলার দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।






