রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে রাজধানীতে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা শুরু হবে এবং পরবর্তীতে বেসরকারি মালিকদেরও এই আধুনিক ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় বিশ্বব্যাংকের সহযোগিতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যেই বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শুধু বাসের সংখ্যা বাড়ালেই চলবে না, পুরো পরিবহন খাতের পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। প্রচলিত গণপরিবহন ব্যবস্থায় যাত্রী সংগ্রহ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র বাস থামানো এবং যাত্রী হয়রানির যে অভিযোগ দীর্ঘদিনের, তা দূর করতে এই রূপান্তর জরুরি। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, যত্রতত্র বাস থামানো এবং সড়কে যানজট সৃষ্টির মতো সমস্যাও নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি বাড়াচ্ছে।
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ‘গ্রস-কস্ট’ মডেল একটি কার্যকর সমাধান হিসেবে দেখছে সরকার।
এই মডেলের আওতায় বিদ্যমান রুট পারমিট পদ্ধতির পরিবর্তন আনা হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাস পরিচালনা করা হবে। এই ব্যবস্থায় যাত্রী ভাড়া সরাসরি অপারেটরের কাছে না গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সংগৃহীত হবে এবং অপারেটররা নির্ধারিত দূরত্ব ও মানদণ্ড অনুযায়ী কিলোমিটারপ্রতি অর্থ পাবেন। ফলে যাত্রী সংগ্রহের জন্য বাসের মধ্যে অহেতুক প্রতিযোগিতা কমে আসবে। অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠল বা কত টাকা ভাড়া আদায় হলো, তার পরিবর্তে নির্ধারিত সূচি ও মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারণ করা হবে।
পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে রয়েছে। বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে একদিকে যেমন শহরের বায়ুদূষণ কমবে, অন্যদিকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে। তবে বৈদ্যুতিক বাস সচল রাখতে চার্জিং স্টেশন স্থাপন, রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও দক্ষ জনবল তৈরির মতো চ্যালেঞ্জগুলোকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করা সহজ হবে।
নগরবাসী প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহনের ওপর নির্ভরশীল। বর্তমান অব্যবস্থাপনা ও যানজট দূর করে একটি জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য যাতায়াত সহজ ও আরামদায়ক করার বিষয়টি এই সংস্কার কার্যক্রমে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন কাঠামোর সঙ্গে একীভূত করার মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী কার্যক্রম চলমান থাকবে।






