পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সর্বনিম্ন বা গ্রেড-৪ ভুক্ত শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অপর দুজন সদস্য ১৮ হাজার টাকা করার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকার প্রস্তাবটি চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হলেও চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন মজুরির ক্ষেত্রে মতবিরোধ হওয়ায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) ধারা অনুযায়ী গোপন ভোট গ্রহণ করা হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি।
নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১ এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন গ্রেড-৪ এর জন্য ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান আরও জানান, পুরোনো বেতন কাঠামোর সাথে নতুন মজুরির সমন্বয়ের ক্ষেত্রে সব স্তরের শ্রমিকদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন এমন শ্রমিকরাও এই ২ হাজার টাকা সমন্বয়ের সুবিধা পাবেন।
আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। এর ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে শ্রমিকরা জানুয়ারি মাসে নতুন হারে বেতন পাবেন। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে চূড়ান্ত করা হবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন।
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, খুব দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়টি স্পষ্ট থাকবে। এরপর থেকেই কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, সভায় মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। নিরপেক্ষ সদস্য হিসেবে সভায় অংশ নেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। মূলত গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন কারখানায় অস্থিরতার প্রেক্ষাপটে মজুরি নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হলো। গেজেট প্রকাশের মাধ্যমেই এই মজুরি কাঠামোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ৭০ কারখানায় ছুটি- বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে।






