জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করা একটি নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো ১১৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। জিবুতি থেকে ইয়েমেনের পথে প্রায় ৩০৫ জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন।
বেঁচে যাওয়া অভিবাসীদের তথ্যানুযায়ী, ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির ওবক বন্দর শহরের উত্তরে গুহেরের কাছে নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় বেঁচে যাওয়া ৮০ জনেরও বেশি যাত্রী সবাই ইথিওপিয়ার নাগরিক। দুর্ঘটনার পরপরই ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ইথিওপিয়া সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেন নি।
উদ্ধার হওয়া ১০৯টি মরদেহের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে নয়জন মেয়ে ও ছয়জন ছেলে। জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক এই মর্মান্তিক ঘটনাকে অভিবাসন পথের চরম ঝুঁকির একটি কঠোর বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দিতে তাদের কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করছেন।
বর্তমানে জিবুতি কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। একইসঙ্গে বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা প্রদান এবং মৃতদের যথাযথ দাফনের ব্যবস্থাও স্থানীয় প্রশাসন করছে বলে আইওএম জানিয়েছে।



