দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান এবং মোছা. ফুয়ারা খাতুন। প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(৫) ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী তাদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সচিবালয়ে কর্মরত থাকাকালীন তারা এই আইনি দায়িত্ব পালন করতে পারবেন। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।
কাজের পরিধি অনুযায়ী, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে, অপর দুই উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো ধরনের অভিযান পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করতে হবে। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার সাথে সমন্বয় করতে পারবেন। মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছক অনুযায়ী মাসের শেষ কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।






