সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে আসা তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা জিন্দাবাজার এলাকার ওই রেস্তোরাঁর কর্মী।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেলে ভুক্তভোগী তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের ওই রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের অজান্তে গোপনে ছবি তোলা হয়। পরে সেই ছবি ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে দিয়ে তাঁদের সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়। এতে দুই পরিবারই বিব্রতকর পরিস্থিতির শিকার হন। ভুক্তভোগী তরুণের অভিযোগ অনুযায়ী, ছবিগুলো ব্যবহারের মাধ্যমে তাঁদের সামাজিকভাবে হেনস্তা ও উসকানি দেওয়া হচ্ছিল। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ঘটনার পর রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপরই রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। ভুক্তভোগী তরুণের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে যে, এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।






