দুই বছরের মধ্যে নির্বাচনী এলাকার যাবতীয় উন্নয়ন কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা এবং অসহায়দের মাঝে রিকশা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে সরকারের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, কেবল পথচলা শুরু হয়েছে। ইতিমধ্যে ভৈরব ও কুলিয়ারচরে নানামুখী উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরবের পাশাপাশি উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাত মাসের মাথায় যারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে তারা সরকারের উন্নয়ন ধারা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ সময় সরকারি বিভিন্ন সুবিধাভোগী সাধারণ মানুষকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।






