১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা ও দায়রা জজ মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ মনোনীত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক এই মনোনয়ন কোনো প্রার্থীর চূড়ান্ত নিয়োগের অধিকার নিশ্চিত করে না। চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাক-পরিচয় বা পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় কেউ অযোগ্য বিবেচিত হলে কিংবা পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের নিজস্ব নোটিশ বোর্ড এবং অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, কোনো প্রার্থী যদি আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করেন, কোনো তথ্য গোপন করেন কিংবা যোগ্যতার ঘাটতি বা গরমিল ধরা পড়ে, তবে তার মনোনয়ন বাতিল হয়ে যাবে। কমিশন প্রকাশিত ফলাফলে যেকোনো ধরনের অনিচ্ছাকৃত ভুলত্রুটি সংশোধন, পরিবর্তন বা যুক্তিসংগত কারণে ফলাফল পুনর্নির্ধারণের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।





