হরমুজ প্রণালির পূর্ব উপকূলে একটি এলপিজিবাহী জাহাজ ভয়াবহ বিস্ফোরণের কবলে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী নিশ্চিত করেছে যে, সমুদ্রে পেতে রাখা মাইন বিস্ফোরণের কারণেই এ ঘটনা ঘটেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটি ইরানের পক্ষ থেকে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে অতিক্রম করার চেষ্টা করছিল। বারবার সতর্কবার্তা দেওয়া হলেও জাহাজ কর্তৃপক্ষ তা উপেক্ষা করে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে একই ধরনের ঘটনার পরও সংশ্লিষ্ট জাহাজটি কোনো শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর আস্থা রেখে তারা এই বিপজ্জনক পথ ব্যবহারের দুঃসাহস দেখায়। ইরানের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং কোনোভাবেই নিয়মের ব্যত্যয় বরদাস্ত করা হবে না।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভবিষ্যতে কোনো জাহাজ যদি ইরানের নিয়ম অমান্য করে অনুমোদনহীন নৌপথে প্রবেশ করে, তবে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। তবে এই ঘটনায় জাহাজের ক্ষয়ক্ষতি, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা জাহাজটির মালিকানা কোন দেশের—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।






