ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে অননুমোদিত পথে চলাচলের সময় একটি ট্যাংকার নৌমাইনের কবলে পড়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাহাজটি ওই জলসীমায় নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল। এর আগে জাহাজটিকে সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছে নৌবাহিনী।
শনিবার ভোরে সংঘটিত এই ঘটনার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে একটি বিবৃতি দেওয়া হয়। নৌবাহিনীর ভাষ্যমতে, জাহাজটি যখন নিষিদ্ধ এলাকায় অবস্থান করছিল, তখন সেটির অবস্থান শনাক্ত করার প্রযুক্তি ও পরিচয় প্রদানের ব্যবস্থা বন্ধ ছিল। বারবার সতর্কবার্তা প্রদান করা সত্ত্বেও ট্যাংকারটি তা উপেক্ষা করে সামনে অগ্রসর হয়।
বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় প্রবেশ করলে যেকোনো ট্যাংকারকে এমন ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। নৌমাইনের উপস্থিতির কারণে এই রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
পৃথক এক বক্তব্যে আইআরজিসি নিশ্চিত করেছে যে, আক্রান্ত জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজ পরিচালনাকারীরা অননুমোদিত পথ ব্যবহারের প্রবণতা অব্যাহত রাখায় ট্যাংকারের মালিকদের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি। তবে এ ঘটনায় আক্রান্ত জাহাজটির নাম, মালিকপক্ষের পরিচয় কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লাগার পর একটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়।






