গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। সংগঠনটি স্পষ্টভাবে এই সামরিক পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের তথ্য অনুযায়ী, এই প্রাণঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নাসের হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর এটি সপ্তম হামলার ঘটনা।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন, মানবিক রীতিনীতি এবং নৈতিকতার সকল মানদণ্ড লঙ্ঘন করেছে। দখলদার শক্তির এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য তারা তথাকথিত ‘পিস কাউন্সিল’কেও দায়ী করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলি দখলদারিত্বকে রাজনৈতিক ও সামরিকভাবে মদদ দিয়ে যাচ্ছে, যা আগ্রাসন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।
সংগঠনটির ভাষ্যমতে, এ ধরনের দায়মুক্তির নীতি দখলদার বাহিনীকে আরও বেপরোয়া করে তুলছে। ফিলিস্তিনিদের ওপর চলমান এই হত্যাযজ্ঞ থামাতে এবং ইসরাইলের আগ্রাসন রুখতে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।






