ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা বাড়াতে উদ্যোগী হয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে চলমান জি-৭ সম্মেলনে যোগ দিয়ে তিনি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উপসাগরীয় অঞ্চলের বর্তমান অবস্থান ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরছেন।
সম্মেলন চলাকালে কাতারের প্রধানমন্ত্রী ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত ও সেখান থেকে উঠে আসা বার্তাগুলো জি-৭ নেতাদের অবহিত করাই তার প্রধান উদ্দেশ্য। ১০ নভেম্বর প্যারিস থেকে আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই কাতারের প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর কাছে উপসাগরীয় অঞ্চলের অবস্থান স্পষ্ট করা, যাতে ইরানকে ঘিরে সংঘাতের বিস্তার রোধ করা সম্ভব হয়।
উল্লেখ্য যে, মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিদেশি নেতার এটিই ছিল প্রথম বৈঠক। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের পর তার বক্তব্যে কিছুটা নমনীয় সুর লক্ষ্য করা গেছে, যা জি-৭ এর অংশীদার দেশগুলোকেও আশাবাদী করেছে। আন্তর্জাতিক মহল এখন ট্রাম্পের সেই বার্তার ওপর বিশেষ নজর রাখছে। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল।
ইরানের অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে সীমাবদ্ধ নেই; এর অর্থনৈতিক ও রাজনৈতিক ঢেউ ইউরোপসহ বিশ্বজুড়ে বিস্তৃত। এই বাস্তবতায় উত্তেজনা কমানোর বিষয়ে কাতারের এই কূটনৈতিক বার্তা জি-৭ দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।






