২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে কোনো তদন্তের পথে হাঁটছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাম্প্রতিক সময়ে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের আত্মজীবনী এবং তাদের বিভিন্ন মন্তব্য ঘিরে বিষয়টি নতুন করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেও, ক্রিকেট বোর্ড তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।
সিএ প্রধান টড গ্রিনবার্গ স্থানীয় একটি রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আট বছর আগের ওই ঘটনায় পুনরায় তদন্ত করার মতো কোনো যৌক্তিক কারণ কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। গ্রিনবার্গ বলেন, খাজার বইয়ে এমন কিছু বিষয় উঠে এসেছে যা অন্যদের দেয়া বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। তবে বোর্ডের ভাষ্যমতে, ঘটনার সময় সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা যে মূল তদন্ত পরিচালনা করেছিলেন, তার ফলাফলেই তারা সন্তুষ্ট।
অভিজ্ঞ ওপেনার উসমান খাজা তার আত্মজীবনীতে বিস্ফোরক সব দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বলের আকৃতি বিকৃত করার বা টেম্পারিংয়ের বিষয়টি পুরো দলেরই জানা ছিল। খাজা উল্লেখ করেন, স্যান্ডপেপার ব্যবহারের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে খোলামেলা আলোচনাও হয়েছিল। খাজার এই দাবিকে ‘শতভাগ সত্য’ বলে সমর্থন জানিয়েছেন সাবেক তারকা ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে সিএর সেসময়ের তদন্ত প্রক্রিয়াকে ‘তাড়াহুড়ো করে করা ত্রুটিপূর্ণ কাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
তবে ভিন্ন মেরুর কথা শুনিয়েছেন ওই ম্যাচে অংশ নেওয়া চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজেউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন। তারা আগেই জানিয়েছেন, বল টেম্পারিংয়ের বিষয়ে তাদের কোনো পূর্বজ্ঞান ছিল না। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও সম্প্রতি সাফ জানিয়েছেন, বিষয়টি নিয়ে অতীতে অসংখ্যবার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এবং অনেক আগেই এর নিষ্পত্তি ঘটে গেছে।
এদিকে আত্মজীবনী প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বইয়ের বিক্রি বাড়াতে এতদিন পর বিতর্কটি উসকে দেওয়া হলো কি না। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে উসমান খাজা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন, এই ঘটনা উন্মোচনের পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য বা অর্থের লোভ নেই।






