কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে থাকা কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
তল্লাশি চলাকালে বসতঘর থেকে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে। এছাড়া অস্ত্র হিসেবে একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি সবুজ রঙের হেক্সো ব্লেড জব্দ করা হয়।
অস্ত্রের পাশাপাশি ঘরটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি কপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট।
অভিযান শেষে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার রোববার (৯ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া আলামতগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি ও অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।






