বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবে বড় ধরনের গরমিল ও অসংগতি পাওয়া গেছে। ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অনিয়ম চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কমিটি। বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনার পর এই অডিট প্রতিবেদন দ্রুতই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন এবং বিবিএস পরিচালক কবির উদ্দিন আহাম্মদ।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান নিয়ে কোনো কাজ করা অসম্ভব, যা মূলত নিজের সঙ্গে প্রতারণার শামিল। তিনি স্পষ্ট করেন যে, অতীতের অনিয়মের গভীরে পৌঁছানোর লক্ষ্যেই এই ফরেনসিক অডিট চালানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। মন্ত্রী আরও বলেন, সরকারের বড় সম্পদ হলো নির্ভরযোগ্য তথ্য। তাই বিবিএসকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং জনবল সংকট নিরসনেও সরকার সচেষ্ট রয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অভিযোগ করেন, বিগত সরকার পরিসংখ্যানকে নিজেদের বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এর উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, সরকারি নথিতে নৌযানের সংখ্যা যেখানে ১৩ হাজার দেখানো হয়েছিল, পর্যালোচনায় বাস্তবে তার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার পাওয়া গেছে। একইভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যেও ব্যাপক গরমিল ছিল, যার ফলে প্রকৃত অসহায় মানুষ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এই অসংগতি দূর করতে ডিজিটাল রেজিস্টার বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, পরিসংখ্যানের ওপর জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তথ্য ছাড়া দেশের বর্তমান অবস্থা বা ভুলগুলো চিহ্নিত করা সম্ভব নয়। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে এখন ভোক্তা মূল্যসূচকসহ (সিপিআই) বিভিন্ন তথ্য বিবিএস নিজেই প্রকাশ করছে, যার জন্য মন্ত্রীর অনুমোদনের প্রয়োজন পড়ছে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়ানো তথ্য সবসময়ই শক্তিশালী। দেশের উন্নয়ন পরিকল্পনা ও সঠিক নীতিনির্ধারণের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।






