চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৫ লাখ টাকা মূল্যের ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামালসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অবৈধভাবে শুল্ক ও সরকারি কর ফাঁকি দিয়ে চীন থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টের দিকে আসা যশোর-ট-১১-৪৬১১ নিবন্ধনের নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িটিতে থাকা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতান (৩০) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১৪ নম্বর মামলা দায়ের করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৫১ ধারায় আরও ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।





