রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার জ্বালানি অবকাঠামো সংক্রান্ত হামলায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে তিনি জানান, উভয় পক্ষই এই সমঝোতায় সম্মত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার বলেন, রাশিয়া যদি তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখে, তবে তারাও রাশিয়ার শোধনাগারে হামলা চালানো থেকে বিরত থাকবে।
ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ইউক্রেন এই যুদ্ধবিরতিকে সমর্থন করে এবং রাশিয়ার পক্ষ থেকেও একই ধরনের সমর্থন আশা করছে। তিনি আরও বলেন, এই উদ্যোগের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছে ইউক্রেন। উত্তেজনা প্রশমন, জীবন রক্ষা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যেকোনো কার্যকর পদক্ষেপকে তার দেশ সর্বদা স্বাগত জানায়।
উল্লেখ্য যে, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে উভয় দেশের মধ্যে চলা যুদ্ধের এটি পঞ্চম বছর। এই দীর্ঘ সময়ে দুই পক্ষই একে অপরের জ্বালানি ও কৌশলগত স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছিল। বর্তমানের এই সমঝোতা প্রচেষ্টা দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সামনে এল।



