রাজধানী ঢাকার যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চপর্যায়ের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী এবং জনবান্ধব করে গড়ে তোলাই এই বৈঠকের মূল লক্ষ্য।
বৈঠকে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করা এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিবহন বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উপস্থিতিতে এই বিশেষ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
তালিকায় রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।





