ঢাকা মহানগরের তীব্র যানজট নিরসনের লক্ষ্য নিয়ে পরিচালিত ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্পটির কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রকল্পের বর্তমান পরিস্থিতি এবং অগ্রগতির বিষয়গুলো পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়েছিল।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা নতুন করে যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। নির্মাণকাজের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে নিরসন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।






