চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের পরিচয় ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফরাদের নেতৃত্বে ছিন্নমূল ও আলীনগর এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জঙ্গল ছিন্নমূল এলাকার আনোয়ার মিয়ার ছেলে সাগর ওরফে কালু (২৪) এবং একই এলাকার চুনু মিয়া ওরফে মিলনের ছেলে হৃদয় (২৭)।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফরাদ জানান, থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্তদের সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, আটককৃতদের দণ্ডবিধির ১৫১ ধারায় সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। তবে পুলিশের কাছে এই দুই যুবকের কোনো ছবি নেই বলে জানা গেছে।






