জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যেমন অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে, তেমনি দেশের সামরিক বাহিনীও সেখানে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করা অত্যন্ত গৌরবের। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা সবসময় জীবন দিতে প্রস্তুত ছিলেন। বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার ওই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, তা বীরোচিত। এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যা মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে স্বাধীনতার পর সেই অবদান ও কৃতিত্বকে অস্বীকার করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। সাধারণ মানুষ তখন দেশের প্রয়োজনে এবং নিজেদের জীবন রক্ষায় বিনা প্রশিক্ষণে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। এ সময় তিনি বীর বাঙালির সাহসিকতার উচ্চ প্রশংসা করেন।
সিলেটের এমসি কলেজের যুদ্ধের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন স্পিকার। তিনি বলেন, সেই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতা অনন্য ছিল। সামরিক বাহিনীর সদস্য হওয়া এবং রাওয়ার সদস্য হওয়াকে তিনি পরম সম্মানের বলে অভিহিত করেন। এছাড়া রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সামরিক বাহিনীর সেই আট বছরের সময়কালকে জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা, ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






