গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। মিছিলে তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এসময় নিলফা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে, এই বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।






