
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় ১৯ হাজার ৩৭৭ জন বিমানযাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাতিল হওয়া মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট রুট ভিত্তিক। এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে মোট ১৯ হাজার ৩৭৭ জন বিমানযাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে।
সরাসরি পরিচালিত বিমান সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে ফ্লাইট স্থগিত রেখেছে। একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য সেবা স্থগিত রাখলেও পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
বেবিচক সূত্রে জানা যায়, সৌদি বিমানবন্দরগুলোতে যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে এই শিডিউল বিপর্যয় ঘটেছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায়-দফায় হামলা চালিয়েছে। এর জেরেই মূলত হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী এখন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০