
প্রায় পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে ফুটবলের উন্মাদনা। ২০২১ সালের সেপ্টেম্বরে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচের পর সংস্কারকাজের জন্য ঐতিহ্যবাহী এই ভেন্যুটিতে ঘরোয়া ফুটবল বন্ধ ছিল। তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের পর স্টেডিয়ামটিতে ঘরোয়া ফুটবলের বড় ম্যাচগুলো ফেরানোর জোরালো পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে স্টেডিয়ামটিকে প্রস্তুত করা হচ্ছে। বাফুফে সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সাফের পর ঢাকা স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনাল বা লীগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আয়োজনের চিন্তাভাবনা রয়েছে তাদের।
গতকাল বাফুফে ভবনে কমপিটিশন কমিটি, প্রকিউরমেন্ট কমিটি ও গ্রাউন্ডস কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ভেন্যু হিসেবে চাঁদপুর স্টেডিয়ামের পিচে ঘাস লাগানোর কাজ প্রায় শেষের পথে বলে জানানো হয়। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে বাফুফের একটি প্রতিনিধিদল মাঠটি পরিদর্শনে যাবে। এছাড়া গাজীপুর, বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও মুন্সীগঞ্জ ভেন্যুগুলোও বর্তমানে ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে আগামী ১৮ ও ২২শে সেপ্টেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী লীগ ও ফেডারেশন কাপের ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিলেও, ১০টি ক্লাবের ৬ দফা দাবি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে ফুটবল আয়োজন সম্ভব নয়। ক্লাবগুলো যদি খেলতে না চায়, তবে ইসি কমিটির সভায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আগের সূচি অনুযায়ীই খেলা শুরুর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০