
বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা লামিন ইয়ামাল ইনজুরির কবলে পড়ায় কপাল খুলেছে ১৮ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার জেসে বিসিউয়ের। আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ কাতালানরা যখন প্রস্তুত, তখন মূল দলের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন এই তরুণ তুর্কি। সোমবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইয়ামালের ডান গোড়ালিতে কিছুটা অস্বস্তি রয়েছে। সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে আজকের সফর থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। আশা করা হচ্ছে, আগামী রোববার দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরবেন এই তরুণ তারকা। আজ রাত পৌনে ১২টায় সাবাহর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
ইয়ামালের অনুপস্থিতিতে হান্সি ফ্লিকের পরিকল্পনায় নতুন মুখ হিসেবে জায়গা করে নিলেন বিসিউ। যদিও সাবাহর বিপক্ষে প্রথম একাদশে তার থাকার সম্ভাবনা ক্ষীণ, তবে চ্যাম্পিয়নস লীগের মতো আসরে দলের সঙ্গে ভ্রমণ করা তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি। গত গ্রীষ্মে বেলজিয়ামের ক্লাব ব্রুগে থেকে যোগ দেওয়ার পর পথটা মসৃণ ছিল না বিসিউয়ের জন্য। বার্সেলোনার দ্বিতীয় দলের হয়ে খেলার সময় পেশির চোটে পড়ার কারণে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটি ব্যাহত হয়েছিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন পুরোদমে সুস্থ। এর আগে বেলজিয়ামের ক্লাব এনএক্সটি এবং জাতীয় দলের বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনেও তাকে বিশেষ গুরুত্ব দিয়েছিল ক্লাবটি। ইয়ামালের এই সাময়িক অনুপস্থিতি বিসিউয়ের সামনে নিজেকে প্রমাণ করার এক দারুণ সুযোগ এনে দিয়েছে। ফ্লিকের আস্থা অর্জনে সফল হলে ভবিষ্যতে বার্সার মূল স্কোয়াডে জায়গা পোক্ত করার পথটি তার জন্য আরও সহজ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০