
জাপানের টোকিওস্থ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে যাত্রা স্থগিত করা হয়। পরে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শেষ করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার পথে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত একটি সংকেত দেখা দেয়।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে বিমানটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা দ্রুত মেরামত সম্পন্ন করে ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করেন।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানি বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফরের শেষভাগে তিনি জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০