
বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে কাতার এয়ারওয়েজ। একই সঙ্গে এয়ারলাইন্সটি তাদের পুরো বোয়িং ৭৮৭-৮ বহরে এই প্রযুক্তি স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এই অগ্রগতির ফলে বর্তমানে কাতার এয়ারওয়েজের স্টারলিংক সুবিধাযুক্ত ওয়াইডবডি উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টিতে। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ তাদের পুরো বোয়িং ৭৮৭ বহরে এই ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রযুক্তিগত এই রূপান্তরের ক্ষেত্রে কাতার এয়ারওয়েজ বেশ দ্রুতগতিতে এগিয়েছে। এর আগে বোয়িং ৭৭৭ বহরে নয় মাস এবং এয়ারবাস এ৩৫০ বহরে আট মাসের মধ্যে স্টারলিংক স্থাপনের কাজ শেষ করেছিল তারা। নতুন করে বোয়িং ৭৮৭-৮ বহরে এই কার্যক্রম সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র সাত মাস। বর্তমানে এয়ারলাইন্সটির সামগ্রিক স্টারলিংক স্থাপন কার্যক্রম ৮৩ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। বোয়িং ৭৭৭, এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৮৭—এই তিন ধরনের ওয়াইডবডি উড়োজাহাজে এই সুবিধা যুক্ত করার মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ ইনফ্লাইট স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলেছে কাতার এয়ারওয়েজ।
২০২৪ সালের অক্টোবরে প্রথম স্টারলিংক সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত ৮৬ হাজারের বেশি ফ্লাইটে প্রায় ২ কোটি ৩০ লাখের বেশি যাত্রী এই ওয়াই-ফাই সুবিধা গ্রহণ করেছেন। বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৩২৩টি ফ্লাইট স্টারলিংক সুবিধা নিয়ে আকাশে উড়ছে। যাত্রীরা এখন আকাশপথে সর্বোচ্চ ৫০০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, যা ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং ও অফিসের কাজের জন্য অত্যন্ত কার্যকর। স্থানীয় বিধিনিষেধ না থাকলে গেট থেকে উড্ডয়ন এবং গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাপথেই এই নিরবচ্ছিন্ন ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন যাত্রীরা।
দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বের ১৬০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ। পুরো বোয়িং ৭৮৭ বহরে স্টারলিংক সেবা চালু হলে আকাশপথে যাত্রীদের জন্য দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পরিধি আরও বিস্তৃত হবে। প্রযুক্তিনির্ভর যাত্রীসেবা নিশ্চিত করার এই উদ্যোগ বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হয়েছে, যা দীর্ঘ ও অতি-দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ভ্রমণকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০