দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বড় নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে গত সোমবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। মূলত শূন্য পদ পূরণের লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের (১০ম গ্রেড) শূন্য পদে নতুন করে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বর্তমানে মিডওয়াইফ পদে ১ হাজার ১৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, চেকলিস্ট ও পদ বিন্যাসসহ যাবতীয় নথিপত্র যথাযথভাবে পূরণ করে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এখন পিএসসিকে এই পদগুলোতে নিয়োগের সুপারিশ তৈরির জন্য অনুরোধ জানিয়েছে।
স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টরা মনে করছেন, মিডওয়াইফের এই বিপুলসংখ্যক শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় চলমান জনবলসংকট অনেকাংশেই কমে আসবে। হাসপাতালগুলোতে প্রসবকালীন জরুরি সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মিডওয়াইফরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।






