আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের বাধ্যবাধকতা ইরান এখনো মেনে চলছে বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির উপপ্রতিনিধি গোলামহোসেইন দারজি। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো আন্তর্জাতিক চুক্তি থেকে তেহরান সরে আসেনি বা এ সংক্রান্ত প্রতিশ্রুতি স্থগিত করেনি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
দারজি উল্লেখ করেন, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনার পর থেকেই পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। এই সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, যা সংস্থাটি নিজেও স্বীকার করেছে। মূলত ওই হামলার কারণেই পরমাণু নিরাপত্তা নিশ্চিত করার পরিবেশ আগের মতো নেই।
পরিদর্শকদের পুনরায় ইরানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দারজি বলেন, আইএইএ যদি এমন কোনো দাবি জানায়, তবে তাদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিগুলোকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে কাউকে ঝুঁকিতে ফেলা সম্ভব নয়। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও তেহরান তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনে এখনো অটল রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।






