নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে নূর আরাফাত মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে একই গ্রামের কবির হোসেন ও জিসানসহ ৪-৫ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, নিহতের পরিবার ও স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আরাফাতকে হত্যা করেছে। তারা মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছেন। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০