
দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এই আদেশে বরখাস্তের সিদ্ধান্তটি গত ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা ডিএমপিতে কর্মরত থাকাকালীন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা বা ই-মেইল ঠিকানায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। এই পরিস্থিতিতে পুলিশ অধিদপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর: ০০৫/২০২৫) দায়ের করা হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মোহাম্মদ হারুন অর রশীদ (বিপি-৭৪০১১১৯৭৫৩) ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে হারুন অর রশীদ কোনো লিখিত জবাব প্রদান করেননি বা সময় চেয়ে আবেদনও করেননি। পরবর্তীতে গত ২২ জুন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৬ আগস্ট দাখিল করা প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সরকারি চাকরিবিধি অনুযায়ী তার এ অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে বিবেচনা করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০ আগস্ট তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নিশ্চুপ ছিলেন। এরপর চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়। গত ১ অক্টোবর কমিশন তার বরখাস্তের পক্ষে মতামত প্রদান করে। বিভাগীয় মামলার নথি ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের এই সিদ্ধান্তে অনুমোদন দেন। সবশেষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০