যশোরের বেনাপোল স্থলবন্দরের অদূরে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে সোমবার দিবাগত রাত একটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন বেনাপোল শাখার সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে এবং লোকমানের বাঁ পায়ে জখম হয়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বিস্ফোরিত ককটেলের আঘাতে ওই দুই নেতার পায়ে সামান্য জখম হয়েছে। চিকিৎসা নিয়ে তাঁরা ইতিমধ্যে বাড়িতে ফিরে গেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো এজাহার দায়ের করা হয়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।






