গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার এক শিক্ষার্থীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন (২৪) ৯ বছর বয়সী শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সীএক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ৯ বছর বয়সীএক শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
ঘটনার পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়ি নিতে গেলে বিষয়টি জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার (৮ নভেম্বর) রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই রাতেই শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসিন্দা এবং মাদ্রাসায় অবস্থান করেই পাঠদান করতেন। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এলাকাটিতে গত ২১ অক্টোবর আরেকটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক মোসলেম উদ্দিনকে পুলিশ আটক করেছিল। একের পর এক এমন ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।






