কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেন। তার মৃত্যুতে সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আইএসপিআর জানায়, তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
আইএসপিআর জানায়, পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও স্থানীয় বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়।
এই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়। আনুমানিক বিকাল ৫টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থল রঙ্গীখালী এলাকার পাহাড়ে পৌঁছালে মানবপাচারকারীরা উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে।
উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ে জেলা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় বাহিনীর এক সদস্য আহত হয়েছেন এবং অভিযানে অস্ত্র উদ্ধারসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।






