কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই হামলার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকায় এনে ইবনে সিনা হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। হামলার ঘটনায় লিমন মিয়া নামে ৩০ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ।
আহত শাহরিয়ার জামান রানা উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত লিমন মিয়া একই ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। রানার ছোট ভাই সাব্বির জামান রনি জানান, ঘটনার পর বড় ভাইকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার খিঁচুনি দেখা দেয়। ইবনে সিনা হাসপাতালে রাত ৩টার দিকে সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে কেবিনে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গচিহাটা বাজারে এই উত্তেজনার সৃষ্টি হয়। মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত কলেজ মাঠে একদল যুবক মাদক সেবন করছিল। এ সময় বাজারে যাওয়ার পথে রানা তাদের বাধা দেন এবং মাঠ ছেড়ে চলে যেতে বললে আফতাব উদ্দিন নামের এক কিশোরের সঙ্গে তর্কা হয়। রানা তাকে চড়-থাপ্পড় দিলে সে বাড়িতে ফিরে চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানায়। এরপর তাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ছুরি নিয়ে বাজারে এসে চিত্রা ফার্মেসিতে থাকা রানার বুকের ডান দিকে আঘাত করে পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে লিমনকে আটক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের বিশেষ তৎপরতা চলমান রয়েছে।






